ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন ৯২ দশমিক ৭১ শতাংশ, ভর্তিচ্ছু, সংখ্যার হিসেবে ৯৬ হাজার ৫৮ জন অকৃতকার্য হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন। মানবিক শাখার ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখার ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। ৫ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পাশের হার ৭ দশমিক ২৯ শতাংশ।
এবার মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন মধুপুর শহিদ স্মৃতি হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী রিফাত আল রাফি আর বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন রাজশাহী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করা শিক্ষার্থী মোহাম্মদ আবির আহমেদ রেহান।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) লগইন করে দেখা ফলাফল দেখতে পারবেন। তাছাড়াও, আবেদনকারীরা যে কোন মোবাইল অপারেটর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ৩৭ জন পরীক্ষার্থী।
আরিফ জাওয়াদ/এসএন