বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় বেশকিছু নথিপত্র জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, ‘ঘুষ না দিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে কমিশনের নির্দেশনা মোতাবেক এই অভিযান চালানো হয়।বেশকিছু ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নথিপত্রও জব্দ করা হয়েছে। এই লাইসেন্সপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে তারা ঘুষ দিয়েছেন কি না। সত্যতা পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে বিআরটিএর রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘ঘুষ না দিলে ফেল করিয়ে দেওয়া হয়, এটা সত্য নয়। কারণ পরীক্ষা নেওয়ার সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের প্রতিনিধি থাকেন। আমরা ওনাদের সহযোগিতা করি। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স করতে কেউ কেউ মধ্যস্বত্বভোগীর হাতে পড়েন। ওই মধ্যস্বত্বভোগী আমাদের নাম ভাঙায়। আর আমাদের অফিসেও কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আমরা বুঝতে পারলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই।’