চট্টগ্রামে ৩৩ বছর আগের একটি খুনের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন।
ফাঁসির আদেশ পাওয়া দুই আসামি হলেন মো. ওছমান ও নুরুজ্জামান।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, ‘খুনের মামলায় আদালত দুই আসামি মো. ওছমান ও নুরুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ২৪ জুন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরে ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ববিরোধের জেরে আসামিরা আজিজুরকে খুন করেন। আসামিরা তার প্রতিবেশী।
১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. সাঈদ খবরের কাগজকে বলেন, ‘দুই আসামি পলাতক। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।’
ইফতেখারুল/ ইসরাত চৈতি/অমিয়/


