চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দায়িত্বপালন করেছি। চট্টগ্রাম এখন স্মার্ট নগরে পরিণত হচ্ছে।’ গতকাল বুধবার দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘ইতোমধ্যে তিনটি ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তারের জঞ্জাল অপসারণ করা হচ্ছে। নগর ভবনের অভ্যন্তরীণ কার্যক্রমে ডি-নথির ব্যবহার শুরু হয়েছে। ওয়ার্ড অফিসে সব ধরনের সনদ ও প্রত্যায়নপত্র অনলাইনে দেওয়া হচ্ছে। প্যাডেল ও ব্যাটারিচালিত রিকশার বদলে সৌরচালিত ও নিরাপদ রিকশা এ শহরে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রায় ১১০০ কোটি টাকা দেনা নিয়ে দায়িত্ব নিই। তিন বছরে বিদ্যুৎ ও ঠিকাদারদের বিল প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা শোধ করেছি।’
মেয়র আরও বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নগরের বহদ্দার হাট বারই পাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন কাজ চলছে। নগরের প্রধান সড়কগুলোকে আলোকিত করতে গ্রহণ করা হয়েছে ২৬১ কোটি টাকার প্রকল্প।’
এ সময় উপস্থিত ছিলেন, চসিকের প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদসহ চসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা।