চট্টগ্রামের ফটিকছড়িতে ত্রিপল দিয়ে ঢেকে সরকারি বনের কাঠ পাচারকালে পাঁচটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার রাতে অভিযান চালিয়ে ট্রাকগুলো কাঠ জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্টেট মোজাম্মেল হক চৌধুরী।
জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য ত্রিপল দিয়ে ঢেকে কাঠ পাচার করেন চোররা। এসব কাঠ বিভিন্ন ব্রিক ফিল্ড ও কারখানায় সরবরাহ করা হয়।
ফটিকছড়ি উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে কাঠ পাচার হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে মাঠে নামে প্রশাসন। এরপর অভিযানে পাঁচটি ট্রাকসহ প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করা হয়।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘গত বুধবার রাতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা, বালু উত্তোলন ও বনজদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বৃন্দাবন হাটের কাছাকাছি বড়ুয়াপাড়া এলাকায় পরিবহনে তল্লাশি করা হয়। তল্লাশির সময়ে পাঁচটি ট্রাক জব্দ করা হয়। সেখানে প্রায় ২ হাজার ঘনফুট (সিএফটি) কাঠ ছিল।’
তিনি জানান, আইন অনুযায়ী মামলা করার জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেয়াকো, রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে এসব কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, বন বিভাগের নারায়ণহাট রেঞ্জ, আনসার দল সার্বিক সহায়তা করেন।


