চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিন ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হচ্ছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জঙ্গল ছলিমপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও সিদ্ধান্ত দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন ধরে জঙ্গল ছলিমপুরে পাহাড় কেটে মাটি অপসারণ করে পাকা দেয়াল নির্মাণ করছিল কয়েকজন ব্যক্তি। সীতাকুণ্ডের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বিষয়টি জানতে পেরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে অবৈধভাবে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপনের দায়ে হজরত খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদরাসার পরিচালক আবদুল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (চ) ধারার অপরাধে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়াও পাহাড় কাটায় জড়িত আরও তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ, আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারায় পাহাড় কাটার জন্য নিয়মিত মামলা করা হচ্ছে।
নিশ্চিত করে অ্যাসিল্যান্ড আলাউদ্দিন খবরের কাগজকে বলেন, 'পাহাড় কেটে স্থাপনা নির্মাণের ঘটনায় সকালে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে রবিবার।'
মনির/জোবাইদা/