ফটিকছড়ি কলেজে পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর সেই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এ তথ্য খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেহেতু একটি সেশনে দুটি কমিটি হয়েছে। ওই দুটি কমিটি নিয়ে উত্তেজনা দেখা দেয় কলেজ ছাত্রলীগের মধ্যে। ফলে আমরা দুটি কমিটিই স্থগিত রেখেছি। তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি। যাতে তারা কলেজে কোন ধরণের কার্যক্রম না চালায়। আমরা পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি করবো।’
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের (২০২২-২০২৩) কমিটি ঘোষণা করা হয়। এতে শিক্ষার্থী মাইসান মোহাম্মদ মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ ইনজামামুল হুদা রাকিব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৪ জনের একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে চ্যালেঞ্জ করে ১৪ ফেব্রুয়ারি ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের চতুর্থ যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ শহিদ স্বাক্ষরিত আবদুল্লাহ আল আরফাতকে সভাপতি ও আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করেন।
এ নিয়ে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি কলেজের মূল আহ্বায়ক কমিটিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ লাটিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। এতে তিনজন আহত হয়েছিলেন।
আ. সাত্তার/সাদিয়া নাহার/অমিয়/