সাত বছর ধরে ৭ মার্চে ঢাকায় আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’-এর আয়োজন করা হয়। তবে এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এ কনসার্ট আয়োজন করা হবে। ইতোমধ্যে কনসার্টটি সফল করার জন্য প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কনসার্টে অংশগ্রহণকারীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় কনসার্টটির আয়োজন করছে ইয়াং বাংলা।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য এবং ইয়াং বাংলার কনভেনর নাহিম রাজ্জাক বলেন, ‘সাত বছর ধরে ঢাকায় ৭ মার্চে আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টের আয়োজন করা হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ কনসার্ট আয়োজন করা হবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে এ কনসার্টের জন্য চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট সব দপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘কনসার্টে অসংখ্য মানুষের সমাগম হবে। নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট হবে আমাদের মূল চ্যালেঞ্জ। তবে আমরা সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের স্মরণে চট্টগ্রামবাসীকে একটি চমৎকার আয়োজন উপহার দেব।’
কনসার্টে অংশগ্রহণকারীদের মানতে হবে যেসব নির্দেশনা
মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেটে স্ক্যান করা হবে। বারকোড স্ক্যানার দ্বারা পাঠযোগ্য না হলে ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গেট দুপুর ১২টায় খোলার পর একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ১২ বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বাইরের কোনো খাবার বা পানীয় অনুমোদিত হবে না। অনুষ্ঠানস্থলের ভেতর কোনো প্রকার তামাক বা তামাকজাত দ্রব্য প্রবেশ করতে দেওয়া হবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে আয়োজকরা যেকোনো মুহূর্তে প্রবেশ বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন।
তা ছাড়া নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হলে আয়োজকরা প্রবেশ প্রত্যাখ্যান করার বা প্রাঙ্গণ থেকে কাউকে সরিয়ে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। আয়োজকরা সময়ে সময়ে নিরাপত্তা তল্লাশি চালানোর অধিকার সংরক্ষণ করেন। অনুষ্ঠানস্থলে সিসিটিভি ও ক্যামেরা চালু থাকবে এবং টিকিটধারী শ্রোতারা নিজেরা চিত্রগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং করলে সেখানে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ থাকবে না। ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যেকোনো ধরনের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভেতর ইলেকট্রনিক সিগারেট, ভ্যাপ এবং এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের অনুমতি দেওয়া হবে না। অনুষ্ঠানস্থলের ভেতর কোনো ধরনের ব্যাগ রাখা যাবে না। নারীরা ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না।