ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার বিশ্ব এখন আমাদের চেনে: ডিফেন্ডার পিকো লোপেস দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত কঠিন লড়াইয়ের মানসিকতা থাকতে হবে: মার্তিনেস ফ্রান্সের দুর্ধর্ষ আক্রমণভাগ বনাম গিল প্রাচীর ‘আহাদ! আহাদ!’ ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার কেপ ভার্দের লড়াকু মানসিকতার প্রশংসা বুবিস্তার

প্রোজেরিয়া রোগে আক্রান্ত ১০ বছরেই বৃদ্ধ শাহাদাত

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১০:৪০ এএম
১০ বছরেই বৃদ্ধ শাহাদাত
বাড়ির উঠানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে প্রোজেরিয়া রোগে আক্রান্ত শাহাদাত হোসেন। খবরের কাগজ

বিরল রোগ প্রোজেরিয়ায় আক্রান্ত হয়ে ১০ বছরেই বৃদ্ধ হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুরের সেই শাহাদাত হোসেন। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। সেই সময় তার রাতে ঘুমাতে না পারা, সীমাহীন শারীরিক যন্ত্রণার পাশাপাশি পরিবারের দারিদ্র্যের কথা ওঠে আসে। এরপর অনেকেই এগিয়ে আসেন শাহাদাতের পরিবারের পাশে দাঁড়াতে। বিশেষ করে ঢাকার একজন শিল্পপতি শাহাদাতের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় উপজেলা প্রশাসন ঘোষণা দেয়, তার পরিবারকে জমিসহ নতুন ঘর দেওয়ার।

তাকে নতুন সাইকেল উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে স্কুল থেকে আনা-নেওয়ার জন্য তার জন্য বরাদ্দ দেওয়া হয় একটি সিএনজিচালিত অটোরিকশা। সেই সঙ্গে তার ঘরে প্রতি সপ্তাহে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছিলেন ইউএনও। কিন্তু বর্তমানে কেমন আছে সেই শাহাদাত ও তার পরিবার? পাঁচ মাস পর তা জানার চেষ্টা করেছে খবরের কাগজ। 

গত বৃহস্পতিবার নিজামপুর মাইজগাঁও গ্রামে সড়ক ও জনপথের জায়গায় থাকা শাহাদাতের ঝুঁপড়ি ঘরে গিয়ে দেখা যায়, তার মা ও ছোট বোন গৃহস্থালির কাজ করছেন। শাহাদাত উঠানে হাঁটছেন। কিছুক্ষণ পরপর যানবাহনের প্রচণ্ড শব্দ কানে লাগতেই আঁতকে ওঠছে সে। বাড়ির ছোট্ট উঠানে সাইকেল চালাতেও ভয় হচ্ছিল তার। ততক্ষণে বাবা মো. হানিফও অটোরিকশা চালিয়ে ঘরে ফিরেছেন। 

শাহাদাতের মা-বাবার সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ মাস আগে উপজেলা প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির কোনোটিই তারা ঠিকমতো পাচ্ছেন না। প্রথম দুই মাস শাহাদাতের পুষ্টিকর খাবারের জন্য ৫০০ টাকা করে দেওয়া হলেও নির্বাচনের আগে থেকে তা বন্ধ রয়েছে। যে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে স্কুল থেকে আনা-নেওয়ার কথা ছিল, সেটির দেখা মেলেনি এক দিনও। এ ছাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের ব্যাপারে তাদের কিছুই জানানো হয়নি। চাওয়া হয়নি কোনো কাগজপত্রও। বর্তমানে অটোরিকশা চালিয়ে সামান্য আয় দিয়ে কোনোমতে সংসার ও দুই সন্তানের লেখাপড়ার খরচ চালাচ্ছেন মো. হানিফ। প্রায়ই শাহাদাতের বায়না পূরণে ব্যর্থ হয়ে হানিফের চোখে পানি দেখা যায়। 

শাহাদাতের মা নাছিমা আক্তার বলেন, ‘ঢাকার একজন শিল্পপতি তার চিকিৎসার জন্য বিদেশে নিতে চান। গেল ডিসেম্বরে তাকে ঢাকার পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রায় ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর তারা বাড়িতে ফিরে আসেন।

অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে শাহাদাতের। সেসব পরীক্ষার রিপোর্ট ভারতের একজন বিখ্যাত চিকিৎসককে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাকে আমেরিকা পাঠানো হতে পারে।’ 

তিনি জানান, পুষ্টিকর খাবার কিংবা স্কুলের পরিবহন সুবিধা কোনোটিই পাচ্ছেন না তারা। পুরো এলাকায় রটেছে, তারা নতুন ঘর পেয়েছেন। অথচ সে ব্যাপারে নিজেরাই অবগত নয়। তবে চিকিৎসার দায়িত্ব নেওয়া ঢাকার শিল্পপতি তার বাবাকে একটি অটোরিকশা উপহার দিয়েছেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘শাহাদাত হোসেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাই তার জন্য পুষ্টিকর খাবার ও স্কুলে আসা-যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছিলাম। তার মায়ের সঙ্গে কয়েক দিন আগেও আমার কথা হয়েছে। তিনি আমাকে এই বিষয়ে কিছুই জানাননি। আমি খবর নিয়ে দ্রুতই ব্যবস্থা নেব। আমি চাই সে ভালো থাকুক। তাকে দেখলে আমার সন্তানের কথা মনে পড়ে।’ 

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে। সে খুলনার ওয়ান্টেড সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজহার/

অবৈধ পাথরবোঝাই ট্রাক আটকের জের জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ছুটির দিন থাকায় বেশি পর্যটক ছিলেন এই সড়কে। তারা দুর্ভোগে পড়েন।

৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহল টিম গতকাল ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর সরিয়ে ফেলে। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে। ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর তুলে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করেন। এ সময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শটগানের গুলি করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছে। শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল। শুক্রবার এই রোডে অনেক পর্যটক আটকা পড়েছিলেন। তারা সবাই দেখেছেন কীভাবে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সিলেটের জন্য ভালো সিগন্যাল নয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত, যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার ধানখেত থেকে মরদেহটি মাটির নিচে আংশিক পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাজল মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন ওই এলাকার রাস্তার পাশের ধানখেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, রাতে কেউ ইজিবাইকটি ছিনতাই করে তাকে মাটিতে পুতে রেখে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শাকিল মুরাদ/তামান্না রুপা/

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বন্দেখালী গ্রামে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:১২ এএম
নগরকান্দায় প্রবাসীর বাড়ি দখল করে তালা, পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
ভুক্তভোগী ইতালি প্রবাসী জাহিদ শেখের মা। ছবি: খবরের কাগজ
ফরিদপুরের নগরকান্দায় ইতালি প্রবাসীর বাড়িতে ঢুকে ভাঙচুর করে তার বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে বাড়িটি পরিবারের জিম্মায় বুঝিয়ে দেয়।
 
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার চরযশোরদি ইউনিয়নে পৌলানপুটি গ্রামে ঘটে।
 
অভিযোগে জানা যায়, প্রবাসী জাহিদ শেখের সঙ্গে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাসালিয়া গ্রামের শাহিদুল মল্লিকের ছেলে নাসিম মল্লিকের বিদেশে পাঠানোকে কেন্দ্র করে আর্থিক লেনদেন হয়। নাসিম মল্লিকের দাবি, ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জাহিদ শেখ চুক্তিপত্রের মাধ্যমে তার কাছ থেকে ১২ লাখ টাকা নেন। পরে বিদেশে পাঠাতে ব্যর্থ হলেও দীর্ঘদিন টাকা ফেরত দেননি। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি তার।
 
এদিকে জাহিদ শেখের পরিবারের অভিযোগ, ওই বিরোধের জেরে শুক্রবার নাসিম মল্লিক দলবল নিয়ে তাদের বাড়িতে এসে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এরপর জাহিদের মা দুলু বেগমকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে একাধিক তালা ঝুলিয়ে দেন। এ সময় তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
 
জাহিদ শেখের মা দুলু বেগম বলেন, 'ওরা দলবল নিয়ে এসে আমাকে ঘর থেকে বের করে দেয়। আমাকে মারধর ও হত্যার হুমকি দেয়। এরপর আমার ঘরে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি আমি আমার ছেলেকে জানাই। পরে সে পুলিশে খবর দিলে পুলিশ এসে তালা খুলে দেয়।'
 
ইতালি থেকে মুঠোফোনে জাহিদ শেখ বলেন, 'নাসিমের কাছ থেকে বিদেশে পাঠানোর জন্য টাকা নিয়েছিলাম। তাকে পাঠাতে না পারায় টাকা ফেরত দেওয়ার বিষয়টি ছিল। কিন্তু সেই সুযোগ না দিয়ে তারা আমার বসতবাড়ি দখলের চেষ্টা করেছে, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে এবং আমার মায়ের ওপর নির্যাতন চালিয়েছে। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেব।'
 
অভিযুক্ত নাসিম মল্লিক বসতবাড়ি দখলের অভিযোগ স্বীকার করে বলেন, 'বিদেশে পাঠানোর জন্য টাকা দিয়েছিলাম। কথা ছিল বিদেশে পাঠাতে না পারলে বাড়ি আমাকে দিয়ে দেবে। সেই কারণে আমি বাড়িতে গিয়ে তালা ঝুলিয়েছি।'
 
তবে আদালতের আদেশ বা আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে বাড়ি দখল করা বৈধ কি না, এ প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি তিনি।
 
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহসহ পুলিশের একটি দল গিয়ে তালা খুলে বাড়িটি পরিবারকে বুঝিয়ে দেয়।
 
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
এনকেবি নয়ন/আজহার/