ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৫০) এবং সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। সিএনজিতে যাত্রী একজন কম থাকায় যাত্রী তুলতে উত্তর সুহিলপুর সড়কের পাশে দাঁড়ান চালক। এ সময় একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে জুনায়েদ নামে আরও একজন মারা যায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুয়েল রহমান/ইসরাত চৈতি/