অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর ত্রিপুরা থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি। এদের মধ্যে তিন শিশু ও দুইজন নারী রয়েছেন।
শনিবার (২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা নিজ দেশে ফেরেন।
এ সময় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কনস্যুলার উমর শরীফ, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ হাছান আহাম্মেদ ভূঁইয়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা এই বাংলাদেশিদের মধ্যে কেউ দালালের খপ্পরে পড়ে, আবার কেউ কাজের সন্ধানে গিয়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা ত্রিপুরায় কারাবন্দি ছিলেন।
ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিন পর তারা স্বজনদের কাছে ফিরে আসেন।
দেশে ফিরে আসা বাংলাদেশি ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দালালদের খপ্পর ও চাকরির প্রলোভনে পড়ে তারা ভারতে গিয়েছিলেন। পরে বিভিন্ন সময় তারা সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকা পড়েন।
এ প্রসঙ্গে সহকারী হাইকমিশনের কনস্যুলার উমর শরীফ বলেন, ‘ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের মধ্যে নড়াইল জেলার দুই পরিবারের আটজনসহ ৯ জন ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একজন রয়েছেন। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর পাঁচ মাস কারাবাস ও ত্রিপুরার নরসিংহঘরের একটি সিকিউরিটি হোমে রাখা হয়েছিল তাদের।
স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করা হয়। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশে ফিরে আসেন।
জুটন বনিক/জোবাইদা/অমিয়/