ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসির রেজাল্টে মেয়েকে ছাড়িয়ে গেলেন মা। ৪৪ বছরের নুরুন্নাহার বেগম উপজেলার চাতলপাড় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার)। তিনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
রবিবার (১২ মে) পরীক্ষার রেজাল্টে তিনি জিপিএ-৪.৫৪ পেয়েছেন। একইসঙ্গে পরীক্ষা দিয়েছেন তার মেয়ে ১৮ বছরের নাসরিন। তিনি পেয়েছে জিপিএ-২.৬৭।
মা ও মেয়ের একসঙ্গে পাস করার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। সবাই ইউনিয়ন পরিষদ মেম্বার নুরুন্নাহার বেগমের প্রশংসা করছেন। নুরুন্নাহারের পরিবারেও বইছে আনন্দের বন্যা। স্বজনরা ছুটে আসছেন তার বাড়িতে।
নুরুন্নাহার বেগম জানান, তিনি আরও পড়তে চান। অনেক বিপত্তি পেরিয়ে তার এই এগিয়ে চলা। নিজের দুই সন্তানকেও পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পড়াশোনার কোনো বয়স নেই বলে মনে করেন তিনি।
মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মা কারিগরি বিভাগ থেকে ও মেয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। নুরুন্নাহার বেগম জিপিএ-৪.৫৪ ও মেয়ে নাসরিন জিপিএ-২.৬৭ পেয়েছেন।
নুরুন্নাহার আরও বলেন, ‘অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ির লোকজন ছিলেন রক্ষণশীল। এ অবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। একপর্যায়ে মেম্বার নির্বাচিত হই। এ নিয়ে দুবার মেম্বার হয়েছি। সবার অনুমতি নিয়ে আবার পড়াশোনা করি। কারণ লেখাপড়ার কোনো বিকল্প নেই।’
নুরুন্নাহারের ছোট ভাই স্বপন আহমেদ এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘বোনের পাস করার খবরে কি যে খুশি হয়েছি, তা বলে বোঝানো যাবে না। একইসঙ্গে ভাগ্নি পাস করলেও তার খবরটি না দিয়ে ফেসবুকে বোনের রেজাল্টের স্ট্যাটাস দিয়েছি।’