নোয়াখালীতে নারী ভোটারের ব্যালট কেড়ে নিয়ে সিল মারার অপরাধে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার উত্তর সোনাপুর আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. ফজলুল হক (৪৪) সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাইদুল হকের ছেলে। তিনি চেয়ারম্যান প্রার্থী এ কে এম সামছুদ্দিন জেহানের আনারস প্রতীকের পোলিং এজেন্ট।
আদালত সূত্র জানায়, ফজলুল হক অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে ছিলেন বিচারক তানিয়া ইসলাম। তৎক্ষণাৎ বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড এবং জরিমানা করেন।
এ বিষয়ে তানিয়া ইসলাম বলেন, ‘অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় ফজলুল হককে হাতেনাতে ধরা হয়। তারপর বিধি অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ছাড় দেওয়া হবে না।’
ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। তিন উপজেলার ৩৭টি ইউনিয়নের ৩৫৭টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে। এসব উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৭ হাজার ৫৮২ জন।
ইকবাল হোসেন/সালমান/