ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।
প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ‘আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনি এলাকায় সময় কম দিয়েছেন, এ জন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনি কাজে সময় দিচ্ছেন। মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন নারী সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারে যায় প্রীতি। হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচারের সময় প্রীতি তার সহযোগীদের বাইরে রেখে ভোটারদের সঙ্গে কথা বলতে ভেতরে যায়। কিন্তু ২০ মিনিট পার হলেও প্রীতি বের না হলে দুজন মহিলা ভেতরে যান। কিন্তু তারা সেখানে গিয়ে প্রীতিকে খুঁজে পাননি।’
তিনি বলেন, ‘অনেকক্ষণ খোঁজখবর করে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন। পরে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে বিষয়টি জানাই। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেছেন। রাত ১২টায় থানায় যাওয়ার পর ওসি বললেন সকালে জিডি করতে।’
জুয়েল রহমান/ইসরাত চৈতী/অমিয়/