চট্টগ্রামে ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি মহসিনসহ (৩৫) তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১২টায় নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে র্যাব-৭ এর একটি দল তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহসিন সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুরের পূর্ব বাকখালীর বাসিন্দা।
অপর দুজন হলেন- মধ্যম হালিশহরের ধোপা পাড়ার অনিকুল ইসলাম অনিক ও বাঁশখালীর পশ্চিম বরঘোনা এলাকার আরিফ মঈনুদ্দিন (৪০)।
শনিবার (১ জুন) দুপুরে বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) রাতে মহানগরের পাহাড়তলী এলাকার সাগরিকায় পলাতক আসাসি মহসিনের অবস্থানের বিষয়টি জানতে পারি। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। আসামি মহসিন প্রকাশ মইস্যার বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র এবং হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে, পরোয়ানাভুক্ত পলাতক আসামি অনিকুল ইসলাম অনিককে শুক্রবার রাতে নগরের হালিশহর থানার ধোপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরের হালিশহর ও পাহাড়তলী থানায় চুরি-ছিনতাই এবং ডাকাতির সাতটি মামলা রয়েছে।
একইভাবে আসামি মো. আরিফ মইনুদ্দিনকেও নগরের হালিশহর থানার পানিরকল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আরিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চুরি-ছিনতাই এবং অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।
মো. শরীফ উল আলম বলেন, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মনির/পপি/