চট্টগ্রামের সাতকানিয়ায় ধান চুরির অপবাদ দিয়ে পিকআপচালক মহিউদ্দিনের (২৫) হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আইনশৃঙ্খলা কমিটির সভা বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী।
শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় মহিউদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে ছদাহা-কেঁওচিয়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, যারা মহিউদ্দিনের হত্যার সঙ্গে জড়িত তারা কি এতটাই প্রভাবশালী যে, পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না? তার পরিবার আজ বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে, তবু প্রশাসনের টনক নড়ছে না।
ছদাহা ইউনিয়ন (ইউপি) পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী বলেন, নিহত মহিউদ্দিন ছিলেন নম্র ও ভদ্র স্বভাবের ছেলে। তার পরিবার আর্থিকভাবে সচ্ছল। তাকে ধানের ভাড়ার কথা বলে কৌশলে উপজেলার আমিলাইষ ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়। তার (মহিউদ্দিনের) ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ চাইলেই বের করতে পারে কে তাকে কল দিয়ে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তৎপরতা সন্তোষজনক নয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিম মনু সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন তাকে (মহিউদ্দিনকে) পরিকল্পিতভাবে তিন দফায় পিটিয়ে হত্যা নিশ্চিত করা হয়। ১০-১২ জন যুবক এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপরও প্রশাসন নির্দিষ্ট ব্যক্তিদের আসামি করল না। ধৈর্য ধরুন, শাক দিয়ে মাছ ঢাকার এ অপচেষ্টা জনগণ রুখে দেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ছদাহা ইউনিয়ন (ইউপি) পরিষদের মহিলা সদস্য হামিদা বেগম, ইউনিয়ন তাঁতী লীগ নেতা এস এম হারুন ও মো. রাশেদসহ নিহত মহিউদ্দিনের পরিবারের সদস্যরা।
বুধবার (২৯ মে) উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায় ধান চুরির তকমা দিয়ে কয়েক দফা পিটিয়ে সদ্যবিবাহিত মো. মহিউদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ঘটনাটি শুধু পিটুনি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
মহিউদ্দিন উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার লম্বা কালুর বাড়ির আলী আহমদের ছেলে।