ব্রাহ্মণবাড়িয়ার গত ৫জু ন ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি হাসান আল ফারাবি জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
শাখাওয়াত হোসেন জানান, ঘটনার পর থেকে আমরা আসামিকে ধরার জন্য পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা করেছি। আসামি হাসান আল ফারাবি জয়কে শুক্রবার রাত ১১টার দিকে নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন কুতুবপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ফারাবি জয় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে।
জিজ্ঞাসাবাদে জয় বলেন, 'পূর্ব বিরোধের জের ধরে এবং এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়। মামলার প্রধান আসামি জালাল হোসেন খোকা ও জয় দুইজন বন্ধু। মামলার ভিকটিম আশরাফুর রহমান ইজাজ তাদের সঙ্গেই চলাফেরা করত। তারা সবাই শহরের কলেজপাড়ার বাসিন্দা। কলেজপাড়া এলাকায় এককভাবে আধিপত্য বিস্তার করত খোকা ও জয়। তাদের সব সিদ্ধান্ত ভিকটিম ইজাজ ও তার সঙ্গের কয়েকজন মেনে না নিয়ে কিছু কিছু সিদ্ধান্ত বিরোধিতা করতেন। এই কারণেই ইজাজ ও তার কিছু বন্ধুর উপর ক্ষিপ্ত ছিলেন খোকা ও জয়।
এই বিরোধকে কেন্দ্র করে হত্যার পরিকল্পনা অনুযায়ী গত ২ জুন শহরের একজনের থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি জালাল হোসেন খোকা সংগ্রহ করে হাসান আল ফারাবি জয়ের কাছে দেন। ৫ জুন সন্ধ্যায় ৬টায় সদর উপজেলা নির্বাচন শেষে আনন্দ মিছিল করার সময় ২০ থেকে ২৫ জন লোক জড়ো হয়। সেখানে খোকা, জয় ও ইজাজও উপস্থিত ছিলেন। আনন্দ মিছিলের এক পর্যায়ে খোকার সঙ্গে ইজাজের কোনো একটা বিষয়ে তর্ক-বিতর্কের মাঝে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। জয়ের দেওয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত পিস্তলটি সদর থানার ভাটপাড়া এলাকার ব্রিজের পাশে ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ইজাজের বাবা আমিনুর রহমান বৃহস্পতিবার (৬ জুন) রাতে বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ্য করে হত্যা মামলা করেন।
এতে প্রধান আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা এবং দ্বিতীয় আসামি জয়। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
জুয়েল রহমান/জোবাইদা/অমিয়/