কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মৌলভি আকিজসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
রবিবার (৯ জুন) রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪-এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ জুন) দুপুরে কক্সবাজারে র্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, আরসার শীর্ষ নেতা মৌলভি আকিজ রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-৫ সি ব্লকের মৃত আবুল বাশার প্রকাশ মৌলভি নাছেরের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ মৌলভি অলি আকিজ (৫০), ক্যাম্প-৬ এর ডি ব্লকের মৌলভী আনোয়ারের ছেলে মোহাম্মদ ফয়সাল ওরফে মাস্টার ফয়সেল (২৮), ক্যাম্প-২০ এর এক্সটেনশন এস/৪ বি/৫ এর মৃত মৌলভি রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), ক্যাম্প-৮ এর বি ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে মো. সালাম প্রকাশ মাস্টার সালাম (২০) ও ক্যাম্প-২২ এর আনু মিয়ার ছেলে মোহাম্মদ জুবায়ের (২৪)।
র্যাব জানায়, মৌলভি আকিজসহ সন্ত্রাসীরা ক্যাম্প-৪ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আরসার শীর্ষ নেতা মৌলভি আকিজসহ ৫ জনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে তিনটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
মুহিববুল্লাহ মুহিব/অমিয়/