কুমিল্লার দাউদকান্দিতে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পুটিয়া এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাকসামের গরু ব্যবসায়ী রাসেল মিয়া (৪০) এবং অপরজন অজ্ঞাত।
পুলিশের ধারণা, অজ্ঞাত মরদেহটি ট্রাকের হেল্পারের।
এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাকে থাকা গরুর মধ্যে অন্তত ৫টির পা ভেঙে গেছে বলে জানায় পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই ট্রাকটি মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়।
দুর্ঘটনায় আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ‘গরুগুলো উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
জহির শান্ত/ইসরাত চৈতী/অমিয়/