চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধারালো চাকুসহ তিন কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুন) রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সাতকানিয়া রাস্তার মাথাসংলগ্ন মাইনু ফুডসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসলামের ছেলে নাজমুল ইসলাম ইমন (২১), একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো. আমিনের ছেলে আবীর মাহমুদ শাওন (২০) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে মো. সাঈদ হোসেন রানা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় একজন পালিয়ে যায়। গ্রেপ্তার আসামিদের দেহ তল্লাশি করে একটি স্টিলের চাকু জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। রাতের অন্ধকারে সুযোগ বুঝে রাস্তায় চলাচলরত পথচারীদের ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন লুট হচ্ছে। তাদের ভয়ে রাতে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার খবরের কাগজকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান চলমান থাকবে। থানার প্রতিটি একালায় কিশোর গ্যাং নির্মূলে গণসচেতনতা গড়ে তোলা হবে
শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট শপিং সেন্টার চত্বরে আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সাতকানিয়া থানা পুলিশকে কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি।
মনির/জোবাইদা/অমিয়/