নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতি টিকিটে ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ঢাকাগামী লাল সবুজ ও ইকোনো পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৩ জুন) বিকেলে সোনাইমুড়ী বাইপাসে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) মো. আবদুল মতিন অভিযানের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঢাকামুখী যাত্রীদের থেকে ৫৫০ টাকার ভাড়া ৭৫০ টাকা আদায় করার অভিযোগ পেয়ে অভিযান চালান ইউএনও কানিজ ফাতেমা। পরে অভিযোগের সত্যতা পেয়ে লাল সবুজকে পাঁচ হাজার এবং ইকোনো পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।’
ইউএনও কানিজ ফাতেমা বলেন, ‘রবিবার দুপুরে কয়েকজন যাত্রী ও স্থানীয় সাংবাদিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। পরে অভিযানে গিয়ে সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আবারও অভিযান চালানো হবে।’
ইকবাল হোসেন/সালমান/