যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
দালালের প্রলোভনে ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।
আটকরা হলেন, চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫) ও নেত্রকোনা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬)।
বিজিবি জানায়, দালালচক্র অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে দুইজন নারীকে ভারতে পাচার করবে- এমন খবরে সেখানে অবস্থান নিয়ে তাদের আটক করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।
ভারতে যাওয়ার চেষ্টার বিষয়টি স্বীকার করেন আটক দুই নারী। কর্মসংস্থানের প্রলোভনে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চাইছিলেন বলে জানান তারা।
কোম্পানি কমান্ডার মিজানুর রহমান খবরের কাগজকে জানান, অবৈধ পথে সীমান্ত অতিক্রম চেষ্টার অভিযোগে মামলা করে তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম/নাইমুর/অমিয়/