চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দলিল রেজিস্ট্রেশন, নকল তোলাসহ অন্যান্য কাজে সেবাপ্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ নানা অনিয়ম-দুর্নীতির বিষয় খতিয়ে দেখেছে দুদক টিম। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর কর্মকর্তারা এই অভিযান চালান।
অভিযানের বিষয়ে দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, ‘চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার কার্যালয়ে মিশন চাকমা নামে একজন জেলা রেজিস্ট্রার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী, প্রধান সহকারী মিলে অবৈধ টাকা-পয়সা লেনদেন করা এবং চাকরির পদোন্নতি নিয়ে অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘সন্দ্বীপে কিছু নকলনবিশের নিয়োগ নিয়ে একটা অনিয়ম হয়েছে। আমরা তাদের কাছে কাগজপত্র চেয়েছি। আবার কিছু রেকর্ডপত্র পেয়েছি। সবমিলিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এখানকার (চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিস) কিছু কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই কর্মচারীদের ব্যক্তিগত নথি তলব করেছি। তাদের নামে কোনো অবৈধ সম্পদ আছে কি না, তা দুদক খতিয়ে দেখবে।’