শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্ক থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে মরদেহ বহনকারী পিকআপভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।
নিহত নারীর নাম ডলি আক্তার। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আলাল মিয়ার মেয়ে।
এদিকে, বৃহস্পতিবার (২ এপ্রিল) নিহতের ভাই শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) দুপুরে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের নয়াপাড়া-ঢালিবাড়ী মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই জামালপুরের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে ২ এপ্রিল নিহতের পরিচয় নিশ্চিত করে। এরপর শুরু করে অভিযান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই জামালপুরের এসআই সামিউল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার (৩ এপ্রিল ) সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে মরদেহ বহনকারী পিকআপভ্যানটিকে জব্দ করা হয়। এ সময় ওই পিকআপের চালক আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতাদের চিহ্নিত করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে অভিযান চলছে।
শাকিল মুরাদ/অন্তরা