চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদারের আকাশমনি গাছের বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইল পাড়ার মো. রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের রহমত পাড়ার মো. আকিব (২০) ও একই পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলীখীল এলাকার মো. রবিন (২৫)।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গ্রেপ্তার তিন ডাকাতকে (বৃহস্পতিবার) আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মূলত গ্রেপ্তার তিন ডাকাতকে মাদার্শার শফিক আজাদ ও ইলিয়াস ডাকাতির উদ্দেশ্যে এলাকায় নিয়ে এসেছিল। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ, সেইসঙ্গে তাদের থেকে দুইটি অস্ত্র, গুলি ও কিরিচ উদ্ধার করা হয়।
আরিফুল ইসলাম/নাঈম