পাবনার ঈশ্বরদীতে সজনে গাছকাটাকে কেন্দ্র করে মাহাবুল প্রামাণিক (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আবুল বাশার নামে একজনকে আটক করা হয়েছে।
নিহত মাহাবুল প্রামাণিক ওই এলাকার আজু প্রামাণিকের ছেলে। তিনি পেশায় মিষ্টি ব্যবসায়ী ছিলেন। আর আটক আবুল বাশার ওই এলাকার আবুল কাশেম বিদু মুন্সীর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি সজনে গাছকাটাকে কেন্দ্র করে নতুন করে মাহাবুল প্রামাণিক ও আবুল বাশারের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আবুল বাশার লাঠি দিয়ে মাহাবুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে মাহাবুল গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মাহাবুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল বাশার নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর হোসেন/সালমান/