বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষককে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, “পৃথিবীতে শিক্ষকরাই যুগে যুগে মানুষের জীবনে আলোকবর্তিকা নিয়ে এসেছেন। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি সকল শিক্ষককে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি।”
শিক্ষকতাকে মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবী বদলের ধারাবাহিক প্রক্রিয়া কোন না কোন শিক্ষকের মাধ্যমে সম্ভব হচ্ছে। তাদের উদ্ভাবনী জ্ঞান ও মানুষ গড়ার নিরলস পরিশ্রমের ফলে শিক্ষিত জাতি তৈরি হয়।
সিকৃবির শিক্ষকদের প্রশংসা করে তিনি বলেন, “তারা শুধু শিক্ষাবিদ নন। তারা পরামর্শদাতা, প্রেরণাদাতা ও আজীবন বিজ্ঞানী। তারা বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও সৃজনশীলতা জাগিয়ে তুলছেন।”
নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে অধ্যাপক জামাল বলেন, “ক্লাসরুম আমি দারুণ উপভোগ করি। বহুদিন পর পুরনো কোন শিক্ষার্থীর সাথে দেখা হলে তারা আমাকে যে সম্মান দেখায়, আপন করে কথা বলে, তখন মনে হয় শিক্ষকতা পেশায় আসা সার্থক হয়েছে।”
শিক্ষকদের আরও জ্ঞানপিপাসু হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়া ফরাসি শিক্ষক ও বিজ্ঞানী অ্যান হুইলিয়ারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন শিক্ষকের কাছে তার দায়িত্ব সবার আগে। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের চেয়ে তার কাছে শিক্ষার্থীরা বেশি গুরুত্বপূর্ণ। এই কর্তব্যপরায়নতা তাকে আরও মহান করে।