শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
রবিবার (১৫ অক্টোবর) সমিতির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারের যৌক্তিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন, কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টায় সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার আমন্ত্রণ জানান। আলোচনায় তিনি আমাদের সব দাবিই যৌক্তিক বলে উল্লেখ করেন। এসব দাবি পূরণে তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে সমিতি নেতাদের আশ্বস্ত করেন। তিনি পর্যায়ক্রমে এ দাবিগুলো বাস্তবায়ন সম্ভব বলে মত দেন। শিক্ষামন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাসের প্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আগামী ১৭ ও ১৯ অক্টোবরের সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হলো।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে গত ১০, ১১ ও ১২ অক্টোবর সারা দেশের সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সবগুলো শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তরে কর্মবিরতি পালিত হয়। এতে অচল হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। ঘোষিত সময়ে দাবি মেনে না নেওয়ায় ১৭ ও ১৯ অক্টোবরেও কর্মবিরতির ঘোষণা দিয়েছিল বিসিএস শিক্ষা সমিতি।