গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পরিবর্তন আসবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে আসছে। যার নেতৃত্বে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
ইউজিসি সূত্র জানায়, টানা তিনবার শাবিপ্রবি দায়িত্বে থাকায় এবার বাকি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।
আগামী ১৪ জানুয়ারি বিভিন্ন গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসবে ইউজিসি। এতে সভাপতিত্ব করবেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভায় ভর্তি পরীক্ষার কমিটি গঠন করা হবে।
অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য ইউজিসি একটি অধ্যাদেশের খসড়া করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তিতে সে প্রক্রিয়া স্থগিত করা হয়। তবে এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করতে আবার প্রস্তাবনা চেয়েছে মন্ত্রণালয়। সে কারণে ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই নীতিমালার আওতায় ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ‘একক’ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।