সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায়: রসায়নের ধারণা থেকে ৯টি জ্ঞানমূলক এবং ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: আল-কেমি, জৈব ও অজৈব যৌগ, দহন, দাহ্য পদার্থ, প্রিজারভেটিভস, মরিচা, মোম, রাসায়নিক ক্রিয়া, সালোকসংশ্লেষণ কাকে বলে?
উত্তর: আল-কেমি: প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আল-কেমি নামে পরিচিত। আল-কেমি শব্দটি আরবি ‘আল-কিমিয়া’ থেকে উদ্ভূত। প্রাচীন আল-কেমিদের রসায়ন চর্চা বর্তমানের রসায়ন শিল্পকে জন্ম দিয়েছে।
জৈব ও অজৈব যৌগ: সাধারণত কার্বন (C) ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগকে জৈব যৌগ বলে। অর্থাৎ, জৈব যৌগ হলো কার্বনের (C) সঙ্গে অন্যান্য পদার্থ দ্বারা মিশ্রিত যৌগ অন্যথায় তা অজৈব যৌগ। উল্লেখ্য যে, শ্বেতসার, আমিষ, চর্বি প্রভৃতি হাইড্রোকার্বন যৌগ। হাইড্রোকার্বন থেকে সকল শ্রেণির জৈব যৌগ প্রস্তুত করা যায়।
দহন: কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। যেমন: কাঠ পুড়িয়ে রান্না করলে কার্বন যৌগের দহন হয়।
দাহ্য পদার্থ: যেসব পদার্থে সহজেই আগুন ধরতে পারে এবং বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাকে দাহ্য পদার্থ বলে। যেমন: অ্যারোসোল, পেট্রোলিয়াম ইত্যাদি।
প্রিজারভেটিভস: যেসব রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার করে বিভিন্ন খাদ্যসামগ্রী দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় তাদের প্রিজারভেটিভস বলে। এগুলোর কোনো পুষ্টিগুণ নেই। যেমন: ভিনেগার, সালফেটের লবণ, প্রোপানয়িক অ্যাসিড ইত্যাদি।
মরিচা: বিশুদ্ধ লোহা জলীয়বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লোহার অক্সাইড নামক পদার্থে পরিণত হয়, যা সাধারণভাবে মরিচা নামে পরিচিত। এর সংকেত হলো Fe2O3.nH2O।
মোম: মোম হলো হাইড্রোজেন ও কার্বনের যৌগ।
রাসায়নিক ক্রিয়া: যে প্রক্রিয়ায় একাধিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের যৌগ উৎপন্ন করে তাকে রাসায়নিক ক্রিয়া বলে।
সালোকসংশ্লেষণ: উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, তাকে সালোকসংশ্লেষণ বলে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন?
উত্তর: কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। যেমন: সাক্সিনিক অ্যাসিড, ম্যালেয়িক অ্যাসিড প্রভৃতি, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুস্টোজের সৃষ্টি হয়। তাই পাকা আম মিষ্টি।
লেখক: সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা।
কলি