অভিভাবকরা তাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে সদরঘাটের ‘হীড ইন্টারন্যাশনাল স্কুল’ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ড. সাদেকা হালিম বলেন, ‘প্রতিবছর ফলাফলের পর কিছুসংখ্যক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এর কারণ হিসেবে আমি অভিভাবকদেরই দায়ী করব। প্রতিযোগিতার এই যুগে তারা তাদের অজান্তে সন্তানদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘অভিভাবকরা তাদের বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিচ্ছেন না। যার কারণে তারা মাদকসহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে।’ এর থেকে বের হতে শাসন না করে ছেলেমেয়েদের পাঠ্যপুস্তকের আলোকে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দেন তিনি।
বুড়িগঙ্গা নদী এতটাই দূষিত হয়ে পড়েছে যে, দূষিত বায়ুর প্রভাব শিশুদের ওপর পড়ছে উল্লেখ করে এ উপাচার্য বলেন, ‘পুরান ঢাকায় অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করছে কিন্তু এখানকার বায়ুর যা অবস্থা, আমার মনে হয় বাচ্চাগুলোর রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে এখানকার বায়ুর প্রভাব তাদের ওপরে কতটা পড়ছে।’
এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘পুরান ঢাকায় অনেক কল-কারখানা আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। এসবের কেমিক্যাল পরিবেশে এসে মিশছে।’ অতিসত্বর এসব কল-কারখানা সরানোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ টলবার্ট ডোবেসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।