নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ফলে শিক্ষকরা মাদ্রাসার জন্য প্রণীত পাঠ্যবইয়ে তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারবেন। এ উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামি ভাবধারা দেশের আলিয়া মাদ্রাসায় চর্চা করা হয়।’
তিনি বলেন, ‘ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে মাদ্রাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে যা শিক্ষার্থী ও অভিভাবকরা সাদরে গ্রহণ করেছেন। নতুন শিক্ষাক্রম দক্ষতামূলক যা মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। এ সময় মন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দেন।’
মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।