বিএনপিদলীয় সাবেক দুই সংসদ সদস্যসহ দলের দণ্ডপ্রাপ্ত পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার আদালত। আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত তারা।
এই পাঁচ নেতা হলেন নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন, দলটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম ও মনিরুল হক।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে মঙ্গলবার (৭ নভেম্বর) আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, নাশকতার ওই মামলায় গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেন। আসামিরা রায় ঘোষণার সময় পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। আর অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। রায়ে দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে উল্লেখ করেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ৩০-৪০ জন যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি সরণিতে জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কাজে বাধা দেয় ও বাসে অগ্নিসংযোগ করে।
এমএ/