সুপ্রিম কোর্টে যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
বুধবার (৮ নভেম্বর) এ-সংক্রান্ত একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ও ফারজানা রহমান।
২০০৮ সালের ৭ আগস্ট কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট আবেদন করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী। শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে রায় দেন তৎকালীন বিচারপতি (পরবর্তী সময়ে প্রধান বিচারপতি) সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
ৱরায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। রায়ের আলোকে ২০২১ সালে প্রথমবারের মতো এ-সংক্রান্ত কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সে সময় কমিটির সভাপতি করা হয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি কৃষ্ণা দেবনাথকে। বিচারপতি কৃষ্ণা দেবনাথ পরবর্তী সময়ে আপিল বিভাগে নিয়োগ পান এবং গত বছরের সেপ্টেম্বরে অবসরে যান।
আ.রহিম