রাজধানীর একটি রিহাব সেন্টারে পাঠানো হয়েছে হক গ্রুপের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা আদম তমিজী হককে। মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের তত্ত্বাবধানে তাকে রিহাব সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ‘তমিজী হকের নামে দক্ষিণখান থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া রমনা থানার একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার আমরা তাকে গ্রেপ্তার করেছি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অসংলগ্ন কথা বলেছেন। যে দেশে খেয়ে-পরে মানুষ হয়েছেন, যে দেশে তার ইন্ডাস্ট্রি রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সে দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলেছেন। তিনি একবার ইসরায়েলকে, আরেকবার আমেরিকান মেরিন সেনাকে আহ্বান জানিয়েছেন তাকে উদ্ধারের জন্য।’
ডিবিপ্রধান বলেন, ‘তার কথা শুনে মনে হয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। আসলেই মানসিক সমস্যা আছে কী না আমরা জানি না। তার এমনিতে অনেক সমস্যা আছে। তাই আমরা তাকে সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। সেখানে সাইকোলজিস্ট ও মাদকাসক্তের চিকিৎসকরা রয়েছেন, তারা পরীক্ষা করছেন।’
তিনি আরও বলেন, ‘তমিজী যদি মানসিকভাবে ফিট হয়ে থাকেন, তাহলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। তিনি বিভিন্ন কার্যক্রম কেন করেছেন বা তার পেছনে কারা রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এসব করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি ডাক্তাররা তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলেন তাহলে কিছু করার নেই।’
এমএ/