ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ৯ মামলায় জামিন পেয়েছেন। প্রতারণার মামলা ও অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) তার জামিন মঞ্জুর করেন। মঞ্জুর আলম শিকদারের আইনজীবী অলিউর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বনানী থেকে গত শনিবার রাতে মঞ্জুরকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ। পরদিন রবিবার তাকে কারাগারে পাঠানো হয়। সিএমএম আদালতে ৯ মামলায় মঞ্জুর আলম শিকদার জামিন আবেদন করেন। আবেদনগুলোর ওপর উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা এসব মামলার বাদী সিআইডির দাবি, আলেশা বহু গ্রাহককে পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে টাকা পাচার (মানি লন্ডারিং) করে।
সিআইডির দেওয়া তথ্যানুসারে চারটি বেসরকারি ব্যাংকে আলেশা মার্টের চারটি ব্যাংক হিসাব থেকে ৪২১ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তা ছাড়া আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩১ কোটি টাকার স্থাবর সম্পদ কেনা হয়েছে। এই সম্পদ ২০২১ সালের ৩১ জানুয়ারি থেকে ২৫ আগস্টের মধ্যে কেনা হয়।
গোয়েন্দা সংস্থাটি ২০২০-২১ অর্থবছরের আয়কর বিবরণীর তথ্য তুলে ধরে বলছে, বেতন ও আনুষঙ্গিক মিলে মঞ্জুরের আয় ছিল মাত্র ১৩ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু ৭ মাসের ব্যবধানে তিনি ৩১ কোটি টাকার সম্পদ কেনেন।