সাবেক মন্ত্রী মো. নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভির শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিসহ পাঁচজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (অবরুদ্ধ/স্থগিত) করার আদেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের ৮৬টি ব্যাংক হিসাবে তাদের ১৭ কোটি ৭৭ লাখ টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
অন্য যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তারা হলেন- জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তার মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং তার স্বার্থসংশ্লিষ্ট মীর মোশাররফ হোসেন। মোশাররফ সাবেক মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব ছিলেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের উপ-পরিচালক আফরোজ হক খান এসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক এমপি জয় পাবলিক সার্ভেন্ট থাকাকালে নানাবিধ অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেন। তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে।
ওই অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্টদের নামে ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সর্বমোট ৮৬টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের ওইসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আবশ্যক।
উজ্জ্বল/এসজি/