বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার স্ত্রী জান্নাতুল মাওয়া এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের আয়কর নথি জব্দ করার পৃথক আবেদন করেন।
ড. মোশারফ হোসেনের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার জ্ঞাতআয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
জান্নাতুল মাওয়ার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার জ্ঞাতআয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন এবং সহায়তার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে তার ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
এ ছাড়া, আব্দুর রশিদ শিকদারের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে ৭ কোটি ২ লাখ ১৪ হাজার ৪০৬ টাকার জ্ঞাতআয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামি আব্দুর রশিদের শুরু থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
উজ্জ্বল/এসজি/