দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ চারটি পদে জামায়াত সর্মথিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা এবং সহ-সাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিনাজপুর জেলার জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ও বর্তমান জেলা জামায়াতের সূরা সদস্য ও সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে মো. সিরাজুল ইসলাম (২) ২৪৯ ভোট এবং মো. আব্দুল হান্নান ৩১১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মশিহুর রহমান ফাতেমী ২১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. নিয়ামুল হক চৌধুরী ১৮৭ ভোট, পাঠাগার সম্পাদক পদে এসএমজি মোস্তাকিম ৩১৩ ভোট এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন বিজয়ী হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে বিজয়ী ৫ জন হলেন- বিএনপি সমর্থিত প্যানেলের মো. জোবায়ের আল মাহমুদ তুহিন (২৯৮ ভোট) ও মো. এনামুল হক (২৪৬ ভোট), জামায়েত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭ ভোট) ও মোছা. শারমিন আক্তার সাথী (২৫৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব (২৭৭ ভোট)।
গতকাল শনিবার রাত ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।
সুলতান মাহমুদ/অমিয়/