মানি লন্ডারিং (অর্থ পাচার) প্রতিরোধ আইনের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি জেলহাজতে থাকায় তদন্তের স্বার্থে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল-আমিন আবেদন করেন।
আবেদনে বলা হয়, পলক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে ও বেনামে থাকা আট কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য মিলেছে, যা তার বৈধ আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
পলক তার নিজ ও যৌথ নামে বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাবে মোট ৩২ কোটি চার লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা করেছেন। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। দুদক মনে করছে, এই অর্থ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এবং তা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ।
২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করা হয়।
মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ আনা হয়েছে।
উজ্জ্বল/এসজি/