পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘সরকার হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে।’
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা করেন। এবার হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহের স্লোগান ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’। এর আগে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।
আইজিপি বলেন, ‘হাইওয়ে পুলিশের যাত্রা শুরুর পর থেকে সীমিত জনবল নিয়েও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকার হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশ। এর অংশ হিসেবে হাইওয়ে পুলিশ অ্যাপ উদ্বোধন ও বডি ওর্ন ক্যামেরা চালু করা হয়েছে। পুলিশের প্রতিটি ইউনিটে এ ধরনের কার্যক্রম চলমান।’
এ সময় হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বডি ওর্ন ক্যামেরার সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা হচ্ছে। তা ছাড়া হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সব যাত্রী মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন।’