এখনো যেসব সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি তা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।
রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো প্রকল্পের নাম থাকলে তা অনুমোদন করবেন না। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তার নাম বাদ দিতে বলেছেন। এটা তিনি চান না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন।’
খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সভায় ৫ হাজার ৫৬৪ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
জাহাঙ্গীর/সালমান/অমিয়