ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে যে আবেগপূর্ণ সম্পর্ক, তা বাণিজ্য ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এর ওপর ভিত্তি করে আরও এগোতে পারি। মাঠ প্রস্তুত। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও নিয়ে যেতে পারি।’
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে তুলার বাণিজ্য বৃদ্ধি ও এ খাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগ সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত সেসা প্রধান উপদেষ্টাকে জানান, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এখনো সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা উভয় দেশের জন্য বিপুল সম্ভাবনা ধারণ করে। তিনি আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে বাংলাদেশের দূতাবাস চালুর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘দূতাবাস চালু হলে যে সুসম্পর্ক আমাদের রয়েছে, তা আমরা উভয় দেশের কল্যাণে কাজে লাগাতে পারব।’
তিনি বলেন, ‘বর্তমানে আর্জেন্টিনার বাংলাদেশের সঙ্গে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে, যা তার দেশের পক্ষে ঝুঁকে আছে। আর্জেন্টিনার সরকার বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে সমতা আনার চেষ্টা করছে।’
বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা, কাঁচা তুলাসহ অন্যান্য পণ্য রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে। তুলা, যৌথ বিনিয়োগ, ওষুধশিল্প, টেক্সটাইল, নারী ফুটবলসহ ফুটবল খেলায় সহযোগিতা বৃদ্ধি, ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ, এলএনজি ও ধানের রোগ প্রতিরোধসহ বিভিন্ন খাতে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।