সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।
তিনি বলেন, ‘আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।’
সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পাঠান।
‘ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট’ সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শাইখ মুহাম্মাদ বিন রশিদ আল মাখতুমের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত সরকারগুলোর অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এক দশক ধরে প্ল্যাটফর্মটি ১৪০টি দেশের আন্তর্জাতিক সংস্থা, চিন্তাবিদ, বৈশ্বিক সিদ্ধান্তগ্রহীতা এবং বেসরকারি নেতাদের একত্রিত করার মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নে কাজ করে যাচ্ছে।
রফিকুল আলম জানান, এবারের সম্মেলনে অংশগ্রহণকারী সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করবে, যা সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধ সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে।
তিনি বলেন, দুবাইয়ের সঙ্গে টেক্সটাইল, কৃষিপণ্য এবং জ্বালানি ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করছে।
রফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা এই সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।