কুড়িগ্রামের ফুলবাড়িতে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গত শনিবারের (৩০ সেপ্টেম্বর) এই ঘটনায় যুবদল নেতা ফরহাদ হোসেন টুকুকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা জানায়, রংপুরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে শনিবার বিকেলে ফুলবাড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনগুলো। মিছিলটি শহরের তিনকোনা মোড়ে আসলে ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় রাতে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জোনাফ আলী বাদী হয়ে বিএনপির ৪০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করেন। এই মামলায় সেই রাতেই টুকুকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আটক টুকু এজাহারে ২৮ নম্বর আসামি।
জোনাফ আলী জানান, আমরা হামলা করিনি। তারা লাঠিসোটা নিয়ে মিছিল করছিল। ছাত্রলীগের ৬ থেকে ৭ জনকে মেরে আহত করায় আমি মামলা করেছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় আমাদের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।
এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তাকে রবিবার (১ অক্টোবর) দুপুরে জেলে পাঠানো হয়েছে।