অলংকার ব্যবহারের জন্য নারীদের নাক-কান ফোঁড়ানো জায়েজ। শরিয়তের পক্ষ থেকে এতে কোনো বাধা নেই। গয়না পরার জন্য নারীদের নাক-কান ফোঁড়ানো ইসলামে সম্পূর্ণ বৈধ বিষয়। নারী সাহাবিরা কানে অলংকার পরিধান করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতপর বেলাল (রা.)-কে সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদের উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন।’ (বুখারি, হাদিস: ১৪৩১)
আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসের একাংশে এসেছে, একাদশতম নারী বলল, ‘আমার স্বামী আবু জারা। তার কথা আমি কী বলব? সে আমাকে এত বেশি গয়না দিয়েছে যে, আমার কান ভারী হয়ে গেছে।...’ আয়েশা (রা.) বললেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে বললেন, ‘আবু জারা তার স্ত্রী উম্মে জারার জন্য যেমন, আমিও তোমার প্রতি তেমন।’ (বুখারি, হাদিস: ৫১৮৯)
ফকিহরা বলেন, নারীদের নাক ফোঁড়ানো জায়েজ। এতে কোনো অসুবিধে নেই। (খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৩৫৭; আদ্দুররুল মুখতার, খণ্ড: ৬, পৃষ্ঠা: ৪২০)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক