কোরআন আল্লাহর কালাম (কথা)। আল্লাহর সঙ্গে একান্তে নিভৃতে কথোপকথনের মাধ্যম। নিয়মিত কোরআন তেলাওয়াত না করলে তা হৃদয় থেকে হারিয়ে যায়। হৃদয়ে কোরআন সংরক্ষণের উপায় হলো, নিয়মিত পাঠ ও তদনুযায়ী জীবন পরিচালনা করা। হাদিসে কোরআন পাঠের ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে।
কোরআনের প্রতি যত্নবান
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এই কোরআনের প্রতি যত্ন নাও (নিয়মিত পড়ো ও চর্চা করো), সেই মহান সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জীবন, উট যেমন তার রশি থেকে অতর্কিতে বের হয়ে যায়, তার চেয়ে অধিক অতর্কিতে কোরআন (স্মৃতি থেকে) বের হয়ে যায়।’ (রিয়াজুস সালেহিন, ১০০৯)
কোরআনশূন্য অন্তরের উপমা
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআনের কোনো অংশই যে ব্যক্তির পেটে নেই, সে পেট বিরান ঘরের মতো।’ (রিয়াজুস সালেহিন, ১০০৭)
কোরআন পাঠের উপকারিতা
১. কোরআন পাঠে ঈমান বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আর যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়।’ (সুরা আনফাল, আয়াত: ২)
২. কিয়ামতের দিনে পাঠকের জন্য সুপারিশ করবে। আবু উমামা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ কথা বলতে শুনেছি, তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামত দিবসে কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে।’ (রিয়াজুস সালেহিন, ৯৯৮)
৩. কোরআন মর্যাদাপূর্ণ। যে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়, সেও সম্মান ও মর্যাদার অধিকারী হয়। উসমান ইবনে আফফান (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে কোরআন শিখে ও অপরকে শেখায়।’ (রিয়াজুস সালেহিন, ১০০০)
৪. আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘(কিয়ামতের দিন) কোরআনের বাহককে বলা হবে, পাঠ করতে থাক ও ওপরে আরোহণ করতে থাক এবং দুনিয়াতে যেভাবে ধীরেসুস্থে পাঠ করতে ঠিক সেভাবে ধীরেসুস্থে পাঠ করতে থাক। যে আয়াতে তোমার পাঠ সমাপ্ত হবে, সেখানেই তোমার জায়গায়।’ (তিরমিজি, ২৯১৪)
লেখক: শিক্ষক, জামিয়া ঈমাম আবু হানিফা (রহ.), ঢাকা