পবিত্র কোরআনের সুরা হিজরে আল্লাহ বলেন, ‘যদি তোমরা না জেনে থাক; তবে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও।’ এ রকম আরও অনেক আয়াতে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক মুসলমানের জন্যই ইলমে দ্বীন অর্জন করা ফরজ।’ এই ফরজ পরিমাণ ইলমে দ্বীনের একটা স্তর আছে। একজন মুসলিম পরিচয়ে জীবন ধারণ করতে যতটুকু শিক্ষা অর্জন না করলেই নয়, ন্যূনতম ততটুকু শিক্ষা অর্জনের কথা এই হাদিসে বলা হয়েছে। যেমন আকিদা সহিহ করতে হবে, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের খুঁটিনাটি ও পবিত্রতা অর্জনের মাসয়ালা-মাসায়েল জানতে হবে।
ইবাদতের পাশাপাশি মুয়ামালাত ও মুয়াশারাতের যতটুকু জ্ঞান অর্জন করা শরিয়ত কামনা করে, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। শরিয়তের প্রয়োজনীয় জ্ঞানার্জন ও দরকারি মাসয়ালা-মাসায়েল জানার অনবদ্য বই ইসলামের মৌলিক বিষয় সঞ্চয়ন ইকরা।
এ বইয়ে কোরআন-সুন্নাহর আলোকে মানুষের প্রয়োজনীয় দ্বীনি বিষয়ের আলোচনা করা হয়েছে। একজন মানুষ কীভাবে ইসলাম জানবে, আকিদা সঠিক করবে, কোরআন-হাদিস জানবে, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ দোয়াগুলো কি কি; সেসব বিষয়ের বয়ান রয়েছে। পুরো বইটি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের উপযোগী করে লেখা হয়েছে। প্রয়োজনীয় টীকা ব্যবহার করা হয়েছে।
এ বইয়ের প্রথম অধ্যায়ে উলুমুল কোরআন, নির্বাচিত বিষয়ভিত্তিক কোরআনের আয়াত, কোরআনের সুরাসমূহের বিশেষ গুরুত্বপূর্ণ অংশ; দ্বিতীয় অধ্যায়ে উলুমুল হাদিস, নির্বাচিত বিষয়ভিত্তিক হাদিস; তৃতীয় অধ্যায়ে কোরআনে বর্ণিত দোয়া, দৈনন্দিন জীবনে পঠিত দোয়া; চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ মাসয়ালা-মাসায়েল, রাসুলুল্লাহ (সা.)-এর অন্যান্য সুন্নত সালাত এবং পঞ্চম অধ্যায়ে আমপাড়া, আসমাউল হুসনা ও দরুদের বিস্তারিত আলোচনা রয়েছে।
লেখক: আলেম ও মাদরাসা শিক্ষক