কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ভেবে নিয়েছিলেন এখানেই হয়তো লেখা হয়ে গেছে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ। পরে অবশ্য মেসি নিজেই জানান চ্যাম্পিয়ন জার্সিতে তিনি আরো কিছুদিন খেলতে চান। বয়স বিবেচনায় ফুটবলকে বিদায় বলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তিনি। তাই বারবার উঠে আসছে আর্জেন্টাইন তারকার অবসরকে ঘিরে একই প্রশ্ন।
এবার অবশ্য সবার মনের খোরাক মেটাতে মেসি জানিয়েছেন কোন পরিস্থিতিতে তিনি ফুটবল খেলা ছাড়বেন। সৌদি আরবভিত্তিক আরব সংবাদমাধ্যম এমবিপিসির বিগ টাইম পডকাস্টের সঞ্চালকের করা প্রশ্নে মেসি জানিয়েছেন, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, খেলাটা উপভোগ করছি না কিংবা সতীর্থদের সাহায্য করতে পারছি না, তখনই আসবে সেই সময়। আমি বড়ই আত্মসমালোচক, আমি বুঝি কখন আমি ভালো খেলছি, কখন খারাপ খেলছি। যখন আমার মনে হবে এখন সেই সিদ্ধান্তটা নেওয়া সময় হয়েছে, আমার বয়স কত সেটি মনে না রেখেই সেই সিদ্ধান্ত (অবসর) নিয়ে নেব।’
আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিকে স্বর্ণ, কোপা আমেরিকার শিরোপা এবং বিশ্বকাপ জেতা মেসি দিতে চান আরও লম্বা পথ পাড়ি। ‘ভালো লাগার অনুভূতিটা যদি থাকে, আমি সব সময় চেষ্টা করব খেলতে; কারণ, আমি তো এটা করতেই ভালোবাসি। আর সেই কাজ কীভাবে করতে হয়, সেটিও তো আমি জানি।’
দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সকল শিরোপা জেতা আর্জেন্টাইন তারকার আর কোনো স্বপ্ন পূরণ করার বাকি আছে কি না, সেই প্রশ্নও তাকে করা হয়েছিল সেই পডকাস্টে। সেই প্রশ্নের জবাবটা সরাসরি দিয়েই মেসি বলেছেন নতুন করে আর কিছুই পাওয়ার নেই তার, ‘আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।’
এখনও অবসরের সিদ্ধান্ত না নিলেও যে সময়টায় অবসর নেবেন সেই সময়টা কখন আসতে পারে এবং তারপর কী করবেন দিতে হয়েছে তার উত্তরও, ‘আমি এখনো ভাবিনি কিছু। আজকাল আমি দিন ধরে ধরে উপভোগ করার চেষ্টার করি। পরে কী হবে সেসব নিয়ে ভাবি না। ঠিক জানি না ভবিষ্যতে কী হবে। আমি চাই যত দিন সম্ভব খেলাটা চালিয়ে যেতে। যখন সময় আসবে আমি নিশ্চিত একটা পথ খুঁজে পাবই। হয়তো নিজের পছন্দের কোনো ভূমিকাই বেছে নেব তখন।’
কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা না জিতলে তখনই জাতীয় দল ছেড়ে দিতেন সেটিও বলেছেন মেসি।