ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ভারতের। চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ভারত। সে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বুধবার (৫ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্ডি গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। এটি বিশ্বকাপের চতুর্থ দিনের একমাত্র ম্যাচ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৪ সালে ফাইনালে পা রাখলেও শিরোপা জেতার সেই স্বাদ আর পায়নি ভারত। যদিও প্রতিবারই হট ফেবারিট হয়েই বিশ্বকাপে পা রাখে তারা।
টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা আগে বোলিং করবো। প্রস্তুতি ঠিকঠাক হয়েছে। কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছি। চ্যালেঞ্জিং তবে আমরা সবাই পেশাদার। এরকম পিচে আমরা খেলেছি তাই কিছুটা জানি জানি কি আশা করতে হবে। আমর জানি আমাদের অভ্যস্ততার চেয়ে এটা কিছুটা ব্যতিক্রম হবে। কিন্তু এটাই মূলত খেলা। কন্ডিশন সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই। তাই আমাদের সামনে রান তাড়ার লক্ষ্য থাকাই ভালো বলে ভাবছি। যে চারজন একাদশে নেই তারা হলেন কুলদীপ, সাঞ্জু জয়সোয়াল ও আরও একজন।’
আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘বেশ ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। সম্প্রতি আমরা নেদারল্যান্ডসে ছিলাম (ত্রিদেশীয় সিরিজ খেলতে)। আমাদের বেশ কয়েকজন ম্যাচ জেতানো খেলোয়াড় আছেন। চাই যে নির্দিষ্ট দিনে তারা তাদের মেলে ধরুক। কন্ডিশনটা দ্রুত মূল্যায়ন করতে চাই।’
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (ডাব্লু), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লোরকান টাকার , হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।